শৌচাগারে দিন কাটাচ্ছেন তরুণী
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
কর্মক্ষেত্র শহরে। কিন্তু যা মাসিক বেতন পান তাতে সেই শহরে ঘর ভাড়া করে থাকা তাঁর পক্ষে রীতিমতো কষ্টসাধ্য। ফলে নিজের কর্মক্ষেত্রের ৬ বর্গ মিটারের শৌচাগারে দিনের পর দিন কাটাতে বাধ্য হচ্ছেন এক অষ্টাদশী তরুণী। সমাজ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেট দুনিয়ায়।
ঘটনাটি চীনের ঝুঝু শহরের। জানা গিয়েছে, কাজের খোঁজে গ্রাম থেকে ঝুঝু শহরে আসেন মিস্ ইয়াং নামে ওই অষ্টাদশী তরুণী। কাজ পেয়েও যান একটি আসবাবপত্রের দোকানে। কিন্তু থাকার জায়গা নিয়ে সমস্যায় পড়েন তিনি। তিনি জানিয়েছেন, ভারতীয় মুদ্রার হিসাবে মাসে ৩১ হাজার টাকার কিছু বেশি বেতন পেলেও তা দিয়ে শহরে ঘর ভাড়া করে থাকা তাঁর পক্ষে রীতিমতো কষ্টসাধ্য। শহরে ঘর ভাড়া ৯ থেকে ২১ হাজার টাকার আশেপাশে যা বহন করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে দাবি ওই তরুণীর। এর পাশাপাশি শহরে তাঁর কোনোও আত্মীয় পরিজনও নেই যে তাদের বাড়ি থাকবেন। ফলে তাঁর কাজের জায়গা আসবাবপত্র দোকান মালিকের সঙ্গে কথা বলে, তাঁর অনুমতি নিয়েই ভারতীয় মুদ্রায় মাসিক ৫৮৮ টাকা ভাড়ায় সারাদিন কাজের শেষে মাত্র ৬ বর্গ মিটারের শৌচাগারে দিন কাটাতে বাধ্য হচ্ছেন তিনি। অবশ্য দোকানে আসা খরিদ্দারদের যাতে কোনোও অসুবিধা না হয় সেদিকে খেয়াল রেখেই শৌচাগারে বাস করছেন মিস্ ইয়াং। তাঁর জীবন সংগ্রামের কথা সামনে আসতেই প্রশংসায় তাঁকে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকদের একটি বড়ো অংশ। মিস্ ইয়াংয়ের জীবন যুদ্ধে সাফল্য কামনা করে তাঁকে উৎসাহিত করেছেন নেটিজেনরা।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
