ছিনতাইয়ের অপরাধে পুলিশের জালে পুলিশ
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হাওড়া
পুলিশ অপরাধীকে গ্রেপ্তার করে। এটাই দস্তুর। ছিনতাইয়ের অপরাধে পুলিশি ধরপাকড়কে কেন্দ্র করে উলট পুরানের সাক্ষী থাকল হাওড়া। বুধবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তার হলো পুলিশই। হাওড়া সিটি পুলিশ সূত্রে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে রুপো ছিনতাইয়ের অভিযোগে হাওড়া সিটি পুলিশের অন্তর্গত বি গার্ডেন থানা থেকে দুই পুলিশকর্মীকে গ্রেপ্তার করল কলকাতার বড়বাজার থানার পুলিশ।
ধৃত দুই পুলিশকর্মীর একজন বি গার্ডেন থানার কর্তব্যরত কনস্টেবল সমীরণ পাত্র। অপরজন হাওড়া সিটি পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল সুরজিৎ সরকার। হাওড়া সিটি পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, গত ৭ই মে হাওড়া স্টেশন সংলগ্ন হাওড়া বাসস্ট্যান্ডে এসে নামেন ওই ব্যবসায়ী। ব্যবসার কাজে তাঁর বড়বাজারে যাওয়ার ছিল। অভিযোগ যে বাসস্ট্যান্ডে পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসায়ীকে গাড়িতে চাপিয়ে নিয়ে যাওয়া হয় নিউ টাউন এলাকায়। সেখানেই তাঁর সঙ্গে থাকা প্রায় সাড়ে ৫ কেজির মতো রুপো ছিনতাই করে নেয় চারজন। ঘটনার অভিযোগ জানানো হয় বড়বাজার থানায়। অভিযোগ পেয়ে তদন্তে নামে বড়বাজার থানার পুলিশ। দিনকয়েক আগে পুলিশের জালে তিনজন অভিযুক্ত ধরা পড়ে। তাদের একজন গাড়ির মালিক সঞ্জয় সাউ। বাকি দুজন আবদুর সালাম শেখ ও ফিরোজ মন্ডল। ধৃতদের কলকাতা ও উত্তর চব্বিশ পরগনা থেকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও ধৃতদের জেরা করে সেই সূত্র ধরে বুধবার রাতে হাওড়ার বি গার্ডেন থানায় আসে বড়বাজার থানার পুলিশ। সেখান থেকেই রুপো ছিনতাইয়ের ঘটনায় দুই অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করে তারা। ধৃতদের জেরা করার পাশাপাশি আরো কেউ ঘটনার সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
