দুঃসাহসিক চুরি হাওড়ায়
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হাওড়া
বৃহস্পতিবার রাতে বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি হয়ে গেল হাওড়ায়। হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার ইস্ট ওয়েস্ট বাইপাস কালীমন্দির অঞ্চলের একটি চারতলা বাড়িতে দরজার তালা ভেঙে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সোনার গয়না ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরেরা। এই দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনার তদন্ত চালাচ্ছে ব্যাঁটরা থানার পুলিশ। দুষ্কৃতীরা অধরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারতলা ওই বাড়িটির একদম ওপরতলার বাসিন্দা চন্দন কুমার নামে এক ব্যক্তি। সেখানে তিনি ও তাঁর পরিবারের লোকজনের থাকেন। পাশে তাঁদের এক আত্মীয় থাকেন। ঘটনার দিন চন্দন ও তাঁর পরিবারের লোকেরা বাড়িতে ছিলেন না। চন্দন ও তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিবারের বিবাহ অনুষ্ঠান উপলক্ষে অনেক টাকার সোনার গয়না কেনা হয়। সেগুলি বাড়িতেই ছিল। ঘটনার দিন তাঁরা হুগলির হিন্দমোটরে গিয়েছিলেন। সেই সুযোগে চোরেরা এই চুরির ঘটনা ঘটায়। এমনকি পাশের বাড়ির আত্মীয়কে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে দেওয়া হয়। চুরির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় ব্যাঁটরা থানার পুলিশ। চন্দন ও তাঁর পরিবার ছাড়াও আশেপাশের লোকজনকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের অনুমান চুরির পেছনে পার্শ্ববর্তী কারো হাত থাকতে পারে। বিয়ের গয়না কেনার খবর ও বাড়িতে না থাকার খবর চোরেদের কাছে গেল কী করে? এ প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী পুলিশ। চন্দনের আত্মীয় মুন্না সিংহ বলেন, ‘বাড়ি ফাঁকা ছিল। চন্দনরা বাড়িতে কেউ ছিলেন না।’ তিনি আরো বলেন, ‘প্রায় ৫ লক্ষ টাকার বেশি সোনার গয়না চুরি হয়েছে। গয়নার মধ্যে সোনার চেন, কানের দুল, আংটি ইত্যাদি ছিল। এছাড়া দামি কাপড়, বাসনপত্র সেগুলোও চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। বেশ কিছু জিনিসপত্র বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। সেগুলি কুড়িয়ে আমরা গুছিয়ে তুলেছি।’ তাঁর কথায়, খুব বড়ো ক্ষতি হয়ে গেল। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত করছে। দেখা যাক কী হয়।’
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
