আন্তর্জাতিক সেরার শিরোপা হাওড়ার স্কুলের
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
হাওড়া
পৃথিবীর সেরা দশটি স্কুলের মধ্যে একটি নির্বাচিত হয়েছে হাওড়ার দুস্থ পরিবারের ছাত্র ছাত্রীদের নিয়ে গড়ে ওঠা স্কুল। এই কৃতিত্ব অর্জন করেছে হাওড়ার সামারিটান মিশন স্কুল। এই উপলক্ষে রাজ্যে সরকারের পক্ষ থেকে শনিবার সকালে সামারিটান মিশন স্কুলে আসেন মধ্য হাওড়ার বিধায়ক তথা রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি এসে স্কুলের প্রতিষ্ঠাতা মামুন আখতারের সঙ্গে দেখা করেন। শুভেচ্ছা জানান। সামারিটান মিশন স্কুলের এই সাফল্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি টুইট বার্তায় স্কুলকে শুভেচ্ছা জানিয়েছেন। এই আন্তর্জাতিক স্বীকৃতি লাভের ফলে দৃশ্যত খুশি স্কুল কর্তৃপক্ষ। খুশি ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি স্কুলের এই সাফল্যে খুশি এলাকাবাসীও। মন্ত্রী অরূপ রায় জানান, সব রকম সাহায্যের জন্য স্কুলের পাশে রাজ্য সরকার আছে। স্কুলের তরফে প্রতিষ্ঠাতা মামুন আখতার জানান, ইংল্যান্ডের কয়েকটি শিক্ষা সংস্থা ও গবেষণা সংস্থা মিলিতভাবে এই স্বীকৃতি দিয়ে থাকে। সেটিই সামারিটান মিশন স্কুল পেয়েছে। তিনি আরো জানান, সমাজের দরিদ্র শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুলে ভর্তি করানো ও তাদের নিয়মিত পঠনপাঠনের দিকে নজর দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে যাতে কোনো হাতের কাজ শিখে তারা ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজের পায়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভবিষ্যতের সুনাগরিক হতে পারার জন্য স্কুলের তরফ থেকে বিশেষ চেষ্টা করা হয় বলে জানান মামুন আখতার।
Sub Editor- Ramananda Das
Editor- Dibyendu Das
Editor in chief- Rakesh Sharma
