হাওড়ায় দুর্ঘটনায় মৃত সন্ন্যাসী
সোমনাথ মুখোপাধ্যায়:Rong News
জাতীয় সড়কে ম্যাটাডোর ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ভারত সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসী ও সেবকের। সোমবার সকালে হাওড়ার বাগনান লাইব্রেরি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।ভারত সেবাশ্রম সংঘের তরফে জানানো হয়েছে, মৃতদের নাম শুভঙ্করানন্দ মহারাজ ও বাসুদেব। তাঁদের আরও পাঁচ সঙ্গী গুরুতর আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার গড়িয়া এলাকার ভারত সেবাশ্রম সংঘের শাখা থেকে সোমবার ভোরে একটি ম্যাটাডোর পূর্ব মেদিনীপুরের মহিষাদল রওনা হয়। যাওয়ার পথে বাগনানে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লেনে চলে যায়। সেখানেই উল্টোদিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনা ঘটতেই ঘটনাস্থলে ছুটে আসেন হয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগনান থানার পুলিশ। পুলিশের তৎপরতায় গুরুতর জখম সন্ন্যাসী ও সেবককে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। স্থানীয় বাসিন্দারা বলেন, জাতীয় সড়ক হওয়ায় এখানে দ্রুত গতিতে গাড়ি চলে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
