*টানা ৭ দিনের লন্ডন সফর মুখ্যমন্ত্রীর; রাজ্য সামলাতে জরুরি টাস্কফোর্স গঠন*
নবনীতা পাল, Rong News
লন্ডন যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কেলগ কলেজের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার আমন্ত্রণ পেয়েছেন উনি। বক্তব্যর বিষয় সামাজিক উন্নয়ন; শিশু ও নারী ক্ষমতায়ন। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানে তিনি ভাষণ দেবেন বলে জানা গেছে। এছাড়াও শিল্প সম্বন্ধিত বৈঠকও রয়েছে।আগামী ২২ মার্চ লন্ডন পাড়ি দেওয়ার কথা তাঁর৷ তারপর ৭ দিনের ঠাসা কর্মসূচি৷ ইতিমধ্যেই এই সফর সংক্রান্ত কেন্দ্রীয় অনুমতিও চলে এসেছে৷ তবে তাঁর অনুপস্থিতিতে প্রশাসনিক এবং দলীয় কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চলে, সে জন্য টাস্কফোর্স গঠন করে গেলেন মমতা৷ বুধবার নবান্নের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘যদি কোনও প্রয়োজন হয়, কয়েকজন অফিসারকে নিয়ে টাস্ক ফোর্স করে যাচ্ছি৷’’
মুখ্যমন্ত্রী জানালেন, এই টাস্কফোর্সে রয়েছেন নন্দিনী চক্রবর্তী, প্রভাত মিশ্র, বিবেক কুমার, রাজীব কুমার, মনোজ ভর্মা। মমতা বলেন, ‘‘যাওয়ার আগে সিএস, ডিএম, এসপি-দের নিয়ে আজ মিটিং করবে। যদি কোনও প্রবলেম হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবে নিজেরা কোনও সিদ্ধান্ত না নিয়ে।’’
অন্যদিকে, মন্ত্রীদের নিয়েও একটি টাস্কফোর্স গঠন করেছেন মমতা৷ তিনি জানান, ‘‘দলের ব্যাপারে আপনারা জানেন সুব্রত বক্সি আছে, অভিষেক ব্যানার্জী আছে। কোনও রকম পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনও ঘটনা ঘটলে তারা জানাবেন। ইউকে-ও আমাদের পার্টনার ছিল বি.জি.বি.এস এর৷ আবার ২বছর বাদে যাব। তখন জাপানটা কনসিডার করব। ইউ.কে-এর সঙ্গে আমাদের সম্পর্কটা দীর্ঘদিনের।’’
এদিন নবান্নের বৈঠকে মমতা জানান, তিনি সাধারণত ২ বছর পরপর বাইরে যাওয়ার চেষ্টা করেন৷ শেষ বিদেশ গিয়েছিলেন ২০২৩ সালে৷ তারপর এবছর৷ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘বি.জি.বি.এস-এর পার্টনার কান্ট্রিগুলো যাওয়ার জন্য বলে। এইটা খুব শর্ট। ইন্ডিয়া এমবাসি এর মিটিং আছে, ২৫ তারিখে বি.জি.বি.এস-এর মিটিং আছে, ২৪ তারিখে ইন্ডিয়া হাই কমিশনের মিটিং আছে। ২৭ তারিখে অক্সফোর্ড যাব।’’
সাব এডিটর – অনুরাধা ভট্টাচার্য্য শর্মা, সোমনাথ মুখোপাধ্যায়,প্রতীক চ্যাটার্জী
ম্যানেজার – বুবুন মাইতি
এডিটর – দিব্যেন্দু দাস
এডিটর ইন চিফ – রাকেশ শর্মা
